কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।
গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির…….
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোট দিয়েছেন, কিন্তু সেই ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা মনে করেন। তবে জনগণের ভালোবাসা ও সমর্থন পাওয়াকে তিনি আল্লাহর বিশেষ রহমত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জাতীয় নির্বাচনে দলের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত হয়েছে জানিয়ে ভবিষ্যতে সেসব ভুলের পুনরাবৃত্তি না করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশকে কুরআনের ভিত্তিতে পরিচালিত করার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এ জন্য সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। আল্লাহর রহমত ও সহযোগিতা কামনা করে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বক্তব্যে তিনি বলেন, দলের মনোনীত প্রার্থীদের আল্লাহ প্রদত্ত জ্ঞান ও যোগ্যতা রয়েছে। নির্বাচনে সফল হতে হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় নির্বাচনে যেসব ভুল হয়েছে, সেগুলো পর্যালোচনা করে এবার পরিকল্পিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, সামনে সিটি করপোরেশন নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং দিনরাত পরিশ্রম করতে হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এবার আগের ভুলগুলো এড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
সম্মেলনে ডা. শফিকুর রহমান নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবার সুবিধা সংবলিত ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন। এ সময় তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দলীয় নেতা রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্য নেতারা।
