বাংলাদেশ

গোপালগঞ্জ পরিস্থিতিতে সতর্ক সরকার, আপাতত কঠোর বলপ্রয়োগে অনীহা

অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, প্রশাসনে রদবদল অব্যাহত

টুঙ্গিপাড়ায় দুই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও আওয়ামী লীগ কার্যালয় খুললেন নেতাকর্মীরা

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর পদক্ষেপের ইঙ্গিত

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আপাতত বড় ধরনের বলপ্রয়োগের পথে হাঁটতে চায় না সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে প্রশাসনের।

গোপালগঞ্জ পরিস্থিতিতে সতর্ক সরকার, আপাতত কঠোর বলপ্রয়োগে অনীহা….

সরকারি সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এখনই শক্তি প্রয়োগ করে জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে চায় না সরকার। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জের প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অন্যত্র বদলি করা হয়েছে। প্রশাসনের অন্যান্য পর্যায়েও রদবদলের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে প্রায় দুই বছর পর গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেন দলটির নেতাকর্মীরা। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়ে শপথ পাঠ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হাজার ফোর্স মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল জেলা সফর করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, রবিবারের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে রাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।

ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে প্রায় দুই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে ১০ প্লাটুন বিজিবি, এসআরবি, এপিবিএন, পুলিশ ও আনসার সদস্য। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে পুলিশ ও বিজিবির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারের অবস্থান হচ্ছে, পরিস্থিতি আরও কিছু সময় পর্যবেক্ষণ করা হবে। কোনো পক্ষ সহিংসতা বা হামলার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

রবিবারের সহিংস ঘটনার পর গতকাল সোমবার গোপালগঞ্জের পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে সাঁজোয়া যানসহ টহল দিতে দেখা যায় বিজিবি সদস্যদের। গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল।

এদিন ভোর থেকেই সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন। শহরের রাস্তায় রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করেছে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে গেছে। খুলেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

তবে দৈনন্দিন কর্মকাণ্ড কিছুটা স্বাভাবিক হয়ে এলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক ও উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক ঘটনার পর নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও আওয়ামী লীগ কার্যালয়

টুঙ্গিপাড়ায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা থেকে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে সেখানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এরপর মিছিল নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রবেশ করেন। সমাধিসৌধের তিনটি ফটক খুলে সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ পাঠ করেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ আগস্ট সর্বশেষ বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন তাঁরা।

ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আরও পরিবর্তন আনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইনবহির্ভূত কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা: ডিআইজি

গতকাল বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

ডিআইজি আরও বলেন, অন্য জেলা থেকে কেউ গোপালগঞ্জে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। গোপালগঞ্জের মানুষকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ খুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে।

সব মিলিয়ে গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নতুন করে কোনো সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার ও প্রশাসন। একদিকে বাড়ানো হয়েছে নিরাপত্তা, অন্যদিকে প্রশাসনিক রদবদলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এখন পরিস্থিতির গতিপ্রকৃতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।