রাজনীতি

জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের

জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা সাবেক সমন্বয়ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের….

রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি জানান।

পোস্টে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের নেতৃত্বকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের নেতৃত্বের ওপর একাধিক হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলছে।

ফেসবুক পোস্টে সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনার উল্লেখ করেন এনসিপির এই নেতা। তিনি জানান, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ছাড়া সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানোর অভিযোগ করেন তিনি। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ।

এসব ঘটনাকে জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত ও পরাজিত হওয়ার পরও পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী সেই পরাজয়ের গ্লানি কাটিয়ে উঠতে পারেনি। এ ধরনের হামলা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।