বিএনপিতে ফেরার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা, জানালেন নিজের অবস্থান
- বিএনপিতে ফিরে যাওয়ার গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন সাবেক বিএনপি নেত্রী ও আলোচিত রাজনীতিবিদ রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি। এমনকি তার কোনো বক্তব্য বা আচরণেও দলে ফিরে যাওয়ার ইঙ্গিত নেই।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন রুমিন ফারহানা।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি। আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব—এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকে নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।ওই বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।রিজভীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বহিষ্কৃত নেতাদের মধ্যে রুমিন ফারহানাও বিএনপিতে ফিরতে পারেন—এমন আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয় নানা কৌতূহল।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। তার বক্তব্য অনুযায়ী, বিএনপিতে ফেরার বিষয়ে তার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি এবং এ নিয়ে আলোচনার অবকাশও নেই।
