প্যারোলে মুক্তির আবেদন করেনি শর্মীর পরিবার, দাবি রাশেদ খানের
সন্তানের মৃত্যুর পর কারাবন্দি যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নতুন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। তাঁর দাবি, শর্মীর প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
প্যারোলে মুক্তির আবেদন করেনি শর্মীর পরিবার, দাবি রাশেদ খানের……
পোস্টে রাশেদ খান শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, তুর্যের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন তিনি।
রাশেদ খান জানান, শারমিন সুলতানা গ্রেফতার হওয়ার পর তাঁর একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে বলে বিষয়টি সামনে আসে। তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও মানবিক বিবেচনায় তাঁর জামিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেছিলেন। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে বিষয়টি আর আলোচনায় থাকেনি।
তিনি আরও বলেন, তুর্যের মৃত্যুর খবর প্রকাশের পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যক্তিগতভাবেও এ ঘটনায় তিনি ব্যথিত।
শর্মীর প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে রাশেদ খান জানান, বিষয়টি জানতে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসক তাঁকে জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কারও পক্ষ থেকে কোনো আবেদন কিংবা ফোনকল পাওয়া যায়নি। এমনকি তাঁর স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যও মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।
রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে তুর্যের মরদেহ কারাফটকে নিয়ে যাওয়ার পরও বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, কারাবিধি অনুযায়ী একজন সিনিয়র জেলারের আসামিকে তাঁর পরিবারের কোনো সদস্যের মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার রয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে যদি জেলা প্রশাসককে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হতো, আর সেই আবেদন প্রত্যাখ্যান করা হতো, তাহলে সরকারকে এ বিষয়ে দায়ী করার সুযোগ থাকত।
পোস্টের শেষাংশে রাশেদ খান সরকারের মানবাধিকার-সংক্রান্ত অবস্থানের কথা তুলে ধরে বলেন, গোপালগঞ্জের মতো সংবেদনশীল পরিস্থিতিতেও সরকার দমন-পীড়নের পথে না গিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে সন্তানের মৃত্যুর পর একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
তাঁর মতে, তুর্যের পরিবার যদি সময়মতো জেলা প্রশাসককে বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করত, তাহলে হয়তো এই হৃদয়বিদারক পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
