প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর…………….
প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে আরও কার্যকর, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে সাধারণ মানুষের কাছে দ্রুত ও সঠিকভাবে পৌঁছে যায়, সে জন্য প্রশাসনের সব পর্যায়ে সমন্বয় ও জবাবদিহি জোরদার করতে হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা সরকারের নীতিনির্ধারণী নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।
