দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৬০ কিমি বেগে বাতাসের পূর্বাভাস
- দেশের নয়টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৮ নভেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
