মালিতে জান্তা সরকারকে রক্ষায় তিন বছরে ৩৪৯ রুশ যোদ্ধার মৃত্যু
মালির সামরিক জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে গত তিন বছরে অন্তত ৩৪৯ জন রুশ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ফাঁস হওয়া রুশ সরকারি নথি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মালিতে নিহত রুশ যোদ্ধাদের মৃত্যুসনদ ও সরকারি নথি বিশ্লেষণ করে এই সংখ্যা পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এসব নথি হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো হাতিয়ে নেয়। পরে সেগুলো বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান।
মালিতে জান্তা সরকারকে রক্ষায় তিন বছরে ৩৪৯ রুশ যোদ্ধার মৃত্যু…….
প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ এপ্রিল মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে বিদ্রোহীদের আকস্মিক হামলায় এক দিনেই ৪৩ জন রুশ যোদ্ধা নিহত হন। তাঁদের মধ্যে ছয়জন কিদালে এবং একজন পাশের আগুয়েলহকে প্রাণ হারান। অন্যদের মৃত্যু হয় রাজধানী বামাকো ও গাও শহরে। ওই হামলায় রুশ সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারও ভূপাতিত করা হয়।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ নেতৃত্বাধীন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) যৌথভাবে এ হামলা চালায়। আত্মঘাতী গাড়িবোমা ও ড্রোন ব্যবহার করে তারা কিদালের প্রতিরক্ষা ভেঙে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরদিন সকালে শহরটি ছেড়ে পিছু হটে রুশ ও মালির সরকারি বাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে রুশ ভাড়াটে যোদ্ধাদের সহায়তায় কিদাল দখল করেছিল মালির সামরিক বাহিনী। আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক প্রভাবের প্রতীক হিসেবে শহরটিকে বিবেচনা করেছিল মস্কো।
দ্য গার্ডিয়ানকে পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া নথিতে রুশ সেনাদের মৃত্যুর যে হিসাব পাওয়া গেছে, তা আগের ধারণার চেয়ে অনেক বেশি। তাঁদের একজনের দাবি, মালিতে মোতায়েন রুশ বাহিনীর ১০ শতাংশেরও বেশি সদস্য নিহত হয়েছেন।
ওয়াগনার থেকে আফ্রিকা কর্পস
মালিতে রাশিয়ার সামরিক উপস্থিতির শুরু ২০২১ সালের শেষ দিকে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক বছর পর দেশটিতে প্রবেশ করে রুশ ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার।
এর আগে মালির জান্তা সরকারের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে ফরাসি বাহিনী দেশটিতে দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী অভিযান বন্ধ করে প্রত্যাহার করে নেয় তাদের সেনা। এরপর থেকে মালির সামরিক সরকারের প্রধান বিদেশি সামরিক সহযোগী হয়ে ওঠে রাশিয়া।
২০২৫ সালের জুনে ওয়াগনারের কাছ থেকে মালিতে সামরিক কার্যক্রমের দায়িত্ব নেয় রাশিয়ার আফ্রিকা কর্পস। রুশ সামরিক গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ তত্ত্বাবধানে পরিচালিত এই বাহিনী আফ্রিকার কয়েকটি দেশের সরকারকে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে। এর বিনিময়ে অর্থনৈতিক সুবিধা ও প্রাকৃতিক সম্পদভিত্তিক লাভজনক চুক্তির সুযোগ পায় মস্কো।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মে মালিতে প্রায় দুই হাজার আফ্রিকা কর্পস সদস্য মোতায়েন ছিল।
এক দিনেই নিহত ৭০ রুশ যোদ্ধা
মালিতে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ২০২৪ সালের ২৭ জুলাই। সেদিন আলজেরিয়া সীমান্তের কাছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কয়েক দিন ধরে চলা সংঘর্ষে ৭০ জন রুশ যোদ্ধা নিহত হন। তাঁদের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয় কিদাল অঞ্চলে।
ওই সংঘর্ষে নিজেদের সদস্যদের হতাহতের কথা স্বীকার করেছিল ওয়াগনার। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি সংগঠনটি। রুশ বিভিন্ন সূত্রের হিসাবে, নিহতের সংখ্যা ২০ থেকে ৮০ জনের বেশি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মালিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনও তুয়ারেগ বিদ্রোহীদের সহায়তা করছে। এ তথ্যের পক্ষে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বক্তব্য তুলে ধরেছে দ্য গার্ডিয়ান। এর আগে সিএনএনের এক প্রতিবেদনে স্থানীয় বিদ্রোহীদের সহায়তায় প্রায় ১৫ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েনের তথ্য প্রকাশ করা হয়েছিল।
আফ্রিকার অন্যান্য দেশেও রুশ হতাহতের তথ্য
ফাঁস হওয়া নথিতে আফ্রিকার অন্যান্য দেশে রাশিয়ার সামরিক কার্যক্রমে হতাহতের তথ্যও উঠে এসেছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৩০ জন রুশ নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশটিতে ওয়াগনার যোদ্ধারা প্রেসিডেন্ট ফস্তাঁ-আর্চাঞ্জ তুয়াদেরার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
লিবিয়ায় রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতারের পক্ষে কাজ করছে। দেশটির বিভিন্ন বিমানঘাঁটি ব্যবহার করে সাহেল অঞ্চলে রুশ সেনাদের রসদ সরবরাহ করা হয়। সেখানে নথিভুক্ত কয়েকটি মৃত্যুর সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাতেন আল-সাররা ঘাঁটিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার যোগসূত্র থাকতে পারে।
নাইজারেও রুশ যোদ্ধাদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশটির সামরিক জান্তা ফরাসি ও মার্কিন সেনাদের বহিষ্কারের পর সেখানে আফ্রিকা কর্পস মোতায়েন করে রাশিয়া। গত জানুয়ারিতে নিয়ামি বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলার দুই দিন পর এক রুশ যোদ্ধার মৃত্যু হয়।
কিদাল পুনর্দখলে রাশিয়ার নতুন তৎপরতা
এদিকে মালিতে নিজেদের সামরিক অবস্থান পুনরুদ্ধারে সাম্প্রতিক সময়ে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। গত ৬ অক্টোবর মালির সেনাবাহিনী ও আফ্রিকা কর্পস যৌথ বিমান ও স্থল অভিযান চালিয়ে কিদাল পুনর্দখলের দাবি করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কনফ্লিক্ট ইনসাইটস গ্রুপের (সিআইজি) চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে ড্রোন হামলার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আফ্রিকা কর্পস। এসব হামলায় ল্যানসেটের মতো আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হচ্ছে। এতে বেসামরিক মানুষের হতাহতের অভিযোগও তুলেছে সংস্থাটি।
সিআইজির আশঙ্কা, বেসামরিক মানুষের প্রাণহানি স্থানীয় জনগণের মধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বাড়িয়ে দিতে পারে।
অঞ্চলটিতে কর্মরত এক পশ্চিমা কূটনীতিকের মতে, গত এপ্রিলের হামলা মালিতে রাশিয়ার সামরিক অজেয়তার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল, তাতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দেশটিতে মস্কোর প্রভাব এখনো যথেষ্ট শক্তিশালী। তবে সামরিক সাফল্য অর্জনের সক্ষমতা নিয়ে স্থানীয় জনগণের আস্থা ও ধৈর্য ক্রমেই কমে আসছে।
সব মিলিয়ে, মালিতে রাশিয়ার সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখার প্রচেষ্টা ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। ফাঁস হওয়া নথিতে উঠে আসা হতাহতের সংখ্যা দেশটিতে মস্কোর সামরিক সম্পৃক্ততার ঝুঁকি ও চ্যালেঞ্জের নতুন চিত্র সামনে এনেছে।
