Uncategorized

১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই উন্নতি আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী………

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ কতটা সন্তুষ্ট, সেটি জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে বলা যায়, গত ছয় মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই উন্নতি আরও স্থায়ী ও সুসংহত করতে সময় প্রয়োজন।

তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমও এ সময়ে দৃশ্যমান হয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপরেখা অনুযায়ী সরকারের প্রথম ১৮০ দিনে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মুখোমুখি হলেও সেগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও গ্যাসের সংকট তৈরি হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রায় এক মাস দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয় করা হয়েছে।

১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী…

দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং উৎপাদন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন কমাতে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে বর্তমানে জরিপ চলছে।

১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী…

আমদানি-নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ, অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের টেকসই সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমও চলছে।

তিনি আরও জানান, বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। দেশের ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে মন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও সঠিক নীতির ফলে দেশে খাদ্যের একটি শক্তিশালী ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।

সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জন ও অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *