মদ-সিগারেটের কর বৃদ্ধি নিয়ে বিরোধীদের সমালোচনা, জনগণের স্বার্থেই বাজেট: প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং বিরোধীদের সমালোচনায় সরকার বিচলিত নয়।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সদর বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ মানুষের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের পতিত ও অনাবাদি জমিকে চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের দল হিসেবে কাজ করেছে। দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” একইসঙ্গে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে আস্থা রাখার আহ্বান জানান।
সভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী বাঁকখালীর ভাঙন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, নদীভাঙনের কারণে দুই তীরের হাজারো মানুষ প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে নদীর উভয় তীরে টেকসই বাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এমপি কাজল। তিনি বলেন, জেলার অনেক মানুষ বর্তমানে পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। উচ্ছেদের আগে তাদের যথাযথ পুনর্বাসন অথবা খাসজমি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা।
এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে মাটি কেটে পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও প্রধানমন্ত্রীকে একনজর দেখতে খালপাড়ে ভিড় করেন হাজারো মানুষ। তাঁর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনউচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
